img

ব্যায়াম ছাড়াই পর্যাপ্ত ঘুমে ঝরবে শরীরের মেদ

প্রকাশিত :  ১৫:২৮, ১৬ আগষ্ট ২০২৬

ব্যায়াম ছাড়াই পর্যাপ্ত ঘুমে ঝরবে শরীরের মেদ

মেদ কমাতে হলে ঘণ্টার পর ঘণ্টা জিমে গিয়ে ঘাম ঝরাতেই হবে—এমন ধারণা অনেকেরই রয়েছে। ভুঁড়ি বা বাড়তি ওজন কমাতে অনেকে দীর্ঘ সময় ব্যায়ামে কাটান। বিশেষজ্ঞদের মতে, ওজন কমাতে শরীরে ক্যালোরির ঘাটতি তৈরি হওয়া গুরুত্বপূর্ণ। তবে ব্যায়ামের পাশাপাশি দৈনন্দিন জীবনে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলেও ওজন কমানোর কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।

কীভাবে সহজে ব্যায়াম ছাড়াই ওজন কমানো যায়, জেনে নিন।

পর্যাপ্ত ঘুম জরুর

ওজন কমাতে ঘুম অপরিহার্য। কারণ আপনার ঘুম যদি সম্পূর্ণ হয় তাহলেই ঝরতে থাকবে শরীরের মেদ। অনেকেই অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে থাকেন। আর তাদের জন্য এই ঘুম খুবই প্রয়োজন। অনেকের শরীরেই ঘুমের চাহিদা প্রচণ্ড পরিমাণে থাকে। আর তাতে সাড়া দিয়ে তবেই মেলে কাঙ্খিত স্বস্তি। যদি ভালো ঘুম হয়, তাহলে হাঙ্গার হরমোন গ্রোলিনের লেভেল বাড়বে, আর লেপ্টিনের লেভেল কমবে। যার ফলে আপনার খুবই কম খিদে পেতে পারে। যাদের ঘুম কম হয়, তারা উচ্চ ক্যালোরি যুক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন এবং জাঙ্ক ফুড বেশি খেতে চান। যা মেদ বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন পর্যাপ্ত ও ভালো ঘুম ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

ব্ল্যাক কফিতে চিনি নয়

বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ ওজন কমানোর কথা ভেবে থাকেন, তাহলে কফি ভালো অপশন। তবে এই ব্ল্যাক কফিতে কিছুতেই  চিনি মেশানো যাবে না। ব্ল্যাক কফি পান করলে সপ্তাহে অন্তত ৫০০ ক্যালোরি কমতে পারে। চিনি কম অথবা চিনি ব্যতীত যে কোনো রান্না মেদ ঝরাতে খুবই সাহায্য করে। রান্নায়ও চিনির ব্যবহার কমানো ভালো অভ্যাস।

পর্যাপ্ত পানি পান

পানি শরীরের জন্য যেমন জরুরি, তেমনি মেদ কমানোর ক্ষেত্রেও কার্যকর।  খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করলে পেট কিছুটা ভর্তি থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এটি বিশেষ করে যারা বারবার কিছু না কিছু খেতে চান, তাদের জন্য উপকারী।

কোল্ড ড্রিংক পরিহার

ক্যালোরি কমানোর জন্য সবচেয়ে জরুরি হলো কোল্ড ড্রিংক পরিহার করা। কোল্ড ড্রিংক খেলে ক্যালোরি বাড়ে। এ ছাড়াও ক্যানের জুস এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে একটি ফল খাওয়া উচিত।

জাঙ্ক ফুড এড়িয়ে চলুন

জাঙ্ক ফুড ওজন বাড়ানোর অন্যতম বড় কারণ। অতিরিক্ত তেল, লবণ ও ক্যালোরিযুক্ত এসব খাবার শরীরে দ্রুত মেদ জমায়। তাই ওজন কমাতে চাইলে জাঙ্ক ফুড যতটা সম্ভব দূরে রাখাই ভালো।

সন্ধ্যার স্ন্যাকস

সন্ধ্যার স্ন্যাক্সসে অতিরিক্ত তেল জাতীয় বা ভাজাভুজি খাবার খাবেন না। সেই সময় গ্রিন টি বা কোনো মৌসুমি ফল খেতে পারেন।

img

ঠোঁট ফাটছে শীতের আগেই ? জেনে নিন প্রতিকার

প্রকাশিত :  ০৬:৪৪, ০৫ নভেম্বর ২০২৬

অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, চামড়া ওঠা কিংবা ঠোঁটের কোণে ফাটল দেখা দেওয়ার সমস্যা দেখা দেয় শীতের মৌসুম শুরু হওয়ার আগেই । আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি শরীরে পানির ঘাটতি, বারবার ঠোঁট চাটা এবং কিছু প্রসাধনীর ব্যবহারেও এমনটা হতে পারে। তাই শীত পুরোপুরি শুরু হওয়ার অপেক্ষা না করে এখন থেকেই ঠোঁটের যত্ন নেওয়া জরুরি।

মুখের অন্যান্য অংশের ত্বকের তুলনায় ঠোঁটের ত্বক বেশ পাতলা। এতে তেল উৎপাদনকারী গ্রন্থিও প্রায় নেই। এ কারণে ঠোঁট সহজেই আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। সঠিক যত্নের অভাবে এই শুষ্কতা থেকে ফাটল, ব্যথা ও জ্বালাপোড়ার সৃষ্টি হতে পারে।

কেন ফাটছে ঠোঁট?

আবহাওয়ার পরিবর্তন: বাতাসের আর্দ্রতা কমে যাওয়া, শুষ্ক বাতাস এবং তাপমাত্রার ওঠানামার কারণে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা কমতে পারে। ফলে শীত আসার আগেই ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়।

বারবার ঠোঁট চাটা: ঠোঁট শুকিয়ে গেলে অনেকেই জিভ দিয়ে তা ভেজানোর চেষ্টা করেন। কিন্তু লালার পানি শুকিয়ে যাওয়ার পর ঠোঁট আরও শুষ্ক হয়ে পড়ে। এতে ফাটল ও অস্বস্তি বাড়তে পারে।

পানির ঘাটতি: শরীরে পর্যাপ্ত পানির অভাব হলে ঠোঁটসহ মুখের বিভিন্ন অংশ শুষ্ক হতে পারে। তবে শুধু ঠোঁট ফাটার লক্ষণ দেখেই শরীরে পানির ঘাটতি রয়েছে বলে নিশ্চিত হওয়া যায় না।

প্রসাধনী ও টুথপেস্টের প্রভাব: কিছু লিপস্টিক, লিপবাম, সুগন্ধিযুক্ত প্রসাধনী এবং টুথপেস্টের উপাদান ঠোঁটে অ্যালার্জি বা প্রদাহ সৃষ্টি করতে পারে। এসব পণ্য ব্যবহারের পর ঠোঁটে জ্বালাপোড়া কিংবা শুষ্কতা বাড়লে সেগুলো এড়িয়ে চলা উচিত।

পুষ্টির ঘাটতি: কিছু ক্ষেত্রে আয়রন, ভিটামিন বি১২সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতির সঙ্গে ঠোঁটের সমস্যা, বিশেষ করে ঠোঁটের কোণে ফাটলের সম্পর্ক থাকতে পারে। তবে এ ধরনের লক্ষণ দেখা দিলেই পুষ্টির ঘাটতি হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

 ত্বকের রোগ বা সংক্রমণ: দীর্ঘদিন ধরে ঠোঁট ফাটা, লাল হয়ে যাওয়া, চুলকানি কিংবা ঠোঁটের কোণে ক্ষত হওয়ার পেছনে একজিমা, অ্যালার্জি বা সংক্রমণের মতো কারণও থাকতে পারে।

ঠোঁট ফাটা কমাতে করণীয়

নিয়মিত লিপবাম ব্যবহার: ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সুগন্ধি ও স্বাদযুক্ত উপাদানবিহীন পেট্রোলিয়াম জেলি অথবা সাধারণ লিপবাম ব্যবহার করতে পারেন। ঠোঁট শুকিয়ে গেলে এবং রাতে ঘুমানোর আগে এটি লাগালে উপকার পাওয়া যেতে পারে।

ঠোঁট চাটা থেকে বিরত থাকুন: বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো এবং শুকনো চামড়া টেনে তোলা বন্ধ করতে হবে। এসব অভ্যাস ঠোঁটের ত্বকে ক্ষত তৈরি করতে পারে এবং জ্বালাপোড়া বাড়িয়ে দিতে পারে।

পর্যাপ্ত পানি পান: শরীরের প্রয়োজন অনুযায়ী নিয়মিত পানি পান করুন। দীর্ঘ সময় পানি পান না করে থাকা এড়িয়ে চলুন। তবে ঠোঁটের শুষ্কতা দূর করতে শুধু পানি পান নয়, বাইরে থেকে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

রোদ থেকে সুরক্ষা: সূর্যের অতিবেগুনি রশ্মিও ঠোঁটের ক্ষতি করতে পারে। বাইরে যাওয়ার সময় এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম লিপবাম ব্যবহার করা যেতে পারে। দীর্ঘ সময় বাইরে থাকলে পণ্যের নির্দেশনা অনুযায়ী পুনরায় লাগাতে হবে।

জ্বালাপোড়া তৈরি করে এমন পণ্য পরিহার: মেনথল, কর্পূর, সুগন্ধি কিংবা ঝাঁঝালো উপাদানযুক্ত কিছু পণ্য ঠোঁটের অস্বস্তি বাড়াতে পারে। কোনো পণ্য ব্যবহারের পর জ্বালা বা শুষ্কতা অনুভূত হলে সেটি ব্যবহার বন্ধ করুন।

চিকিৎসকের পরামর্শ নেবেন কখন ?

সাধারণ যত্ন নেওয়ার পরও ঠোঁটের ফাটল না কমলে, সমস্যা দীর্ঘস্থায়ী হলে কিংবা ঠোঁটে তীব্র ব্যথা, প্রদাহ, ক্ষত বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে ঠোঁটের কোণে বারবার ফাটল দেখা দিলে এর অন্তর্নিহিত কারণ নির্ণয় করা জরুরি।

ঠোঁট ফাটাকে সামান্য সমস্যা মনে করে অবহেলা করা উচিত নয়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়মিত লিপবাম ব্যবহার, ঠোঁট চাটার অভ্যাস পরিহার এবং জ্বালাপোড়া সৃষ্টিকারী প্রসাধনী এড়িয়ে চলার মাধ্যমে ঠোঁটের শুষ্কতা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।