img

কটাক্ষের শিকার মেক্সিকোর সেই ফাতিমা বশ জিতলেন মিস ইউনিভার্স–এর মুকুট

প্রকাশিত :  ০৬:৩৬, ২১ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৪৩, ২১ নভেম্বর ২০২৫

কটাক্ষের শিকার মেক্সিকোর সেই ফাতিমা বশ জিতলেন মিস ইউনিভার্স–এর মুকুট
সপ্তাহজুড়ে চলা বিতর্কের মধ্যেই মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট উঠল মেক্সিকোর ফাতিমা বোশের মাথায়। ২৫ বছর বয়সী এই মানবাধিকারকর্মী প্রাক-আয়োজনে এক বৈঠকে থাইল্যান্ডের এক পেজেন্ট ডিরেক্টরের প্রকাশ্য বকুনি পাওয়ার পর থেকেই দর্শকদের কাছে অন্যতম ফেভারিট হয়ে ওঠেন। ওই ঘটনার প্রতিবাদে কয়েকজন প্রতিযোগী ওয়াকআউটও করেন।

গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগের কাছ থেকে মুকুট গ্রহণ করেন বোশ।
প্রথম রানার-আপ হন থাইল্যান্ডের প্রাভিনার সিং। এরপর অবস্থান করেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি, ফিলিপাইনের আথিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে।

বিউটি পেজেন্টের  “সুপার বোল” হিসেবে পরিচিত মিস ইউনিভার্সের প্রতিটি আসর দেখতে বসেন লাখো দর্শক। এবার থাইল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় ১২০টি দেশের প্রতিনিধিরা।
প্রথমবারের মতো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করেন নাদিন আয়ুব; তিনি সেরা ৩০ পর্যন্ত জায়গা করে নেন। ফাইনাল শো সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান স্টিভ বার্ন, আর ওপেনিং পারফরম্যান্স ছিল থাই গায়ক জেফ স্যাচুর।

সুইমস্যুট রাউন্ড শেষে সেরা ৩০ থেকে বেছে নেওয়া হয় ১২ জনকে। পরে ইভনিং গাউন রাউন্ডের পর নির্বাচিত হয় চূড়ান্ত পাঁচজন।
ফাইনালে প্রতিযোগীদের সামনে রাখা হয়—জাতিসংঘের সাধারণ পরিষদে কোন বৈশ্বিক ইস্যু তুলে ধরবেন এবং তরুণী মেয়েদের অনুপ্রাণিত করতে মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম কীভাবে ব্যবহার করবেন—এসব প্রশ্ন।

প্রশ্নোত্তর পর্বে বোশ বলেন, “নিজের সত্যিকারের সত্তার শক্তিতে বিশ্বাস রাখুন। আপনার স্বপ্ন মূল্যবান, আপনার হৃদয় মূল্যবান। কাউকে কখনো আপনার মূল্য নিয়ে সন্দেহ তৈরি করতে দেবেন না।”

তিন সপ্তাহব্যাপী আয়োজনে প্রতিযোগীরা থাইল্যান্ডজুড়ে রিহার্সাল ও বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন।
বুধবারের ন্যাশনাল কস্টিউম শোতে প্রতিযোগীরা তাঁদের দেশের সংস্কৃতি তুলে ধরেন। 

বিতর্কে মিস ইউনিভার্স আয়োজন

এবারের প্রতিযোগিতাকে ঘিরে নানা অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে জোর সমালোচনা হয়। মাসের শুরুতে হওয়া ওয়াকআউট নতুন করে প্রশ্ন তোলে নারীর ক্ষমতায়নের দাবি নিয়ে আয়োজকদের অবস্থান সম্পর্কে।

এক লাইভ ব্রিফিংয়ে মিস ইউনিভার্স থাইল্যান্ডের ডিরেক্টর নাওয়াত ইৎসারাগ্রিসিল অভিযোগ করেন—বোশ নাকি পর্যাপ্ত প্রোমোশনাল কনটেন্ট পোস্ট করছেন না। যদিও তিনি ‘ডামহেড’ বলার অভিযোগ অস্বীকার করেন, তবুও স্বীকার করেন যে ‘ড্যামেজ’ করার অভিযোগ তিনি তুলেছিলেন। 

আপত্তি জানালে তিনি নিরাপত্তাকর্মী ডেকে বোশকে বের করে দিতে বলেন, আর তাতেই অন্য প্রতিযোগীরা সংহতি জানিয়ে বের হয়ে আসেন।

এ ঘটনা আন্তর্জাতিক সমালোচনা ডেকে আনে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নাওয়াতের বক্তব্যকে “আক্রমণাত্মক” বলে মন্তব্য করেন এবং বলেন, বোশ বিষয়টি “মর্যাদার সঙ্গে” সামলেছেন। পরে মিস ইউনিভার্স সংস্থা নাওয়াতের দায়িত্ব সীমিত করে এবং এক স্বাগত অনুষ্ঠানে তিনি ক্ষমাও চান।

অন্যদিকে, মিস ইউনিভার্স ১৯৯৬ আলিসিয়া মাচাডো একটি ইনস্টাগ্রাম লাইভে নাওয়াতকে নিয়ে বর্ণবাদী মন্তব্য ও অপমানজনক ইশারা করায় তাকেও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।

 

img

স্বপ্নপূরণ হচ্ছে তাসনিয়া ফারিণের

প্রকাশিত :  ১৩:৫৩, ০৫ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:১৯, ০৫ ডিসেম্বর ২০২৫

ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও প্রবেশ করেছেন। এবার নতুন করে গান গেয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। যদিও অভিনেত্রী এর আগে ২০২৪ সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তার গাওয়া প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচার করা হয়েছিল। সেই গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করেছে। তবে এবারের নতুন গান নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঠিক এমন—‘আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি ও নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি ও আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।

‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এ আনন্দের মাঝেই নতুন খবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।

এর আগে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন শাকিব খান। উপস্থাপনায় ছিলেন তাসনিয়া ফারিণ ও আফরান নিশো। কথোপকথনের একপর্যায়ে শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার কথা জানান ফারিণ। উপস্থিত দর্শকদের সামনে অভিনেত্রী বলেন, ‘ভাইয়া, আপনার পরের সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

সেদিন শাকিব খান বলেছিলেন— ‘তোমার অডিশন লাগবে না।’ কয়েক মাসের মধ্যেই সেই কথা বাস্তবে রূপ নিল। ঘোষণা এসেছে— শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র তিন নায়িকার মধ্যে একজন হচ্ছেন— তাসনিয়া ফারিণ। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সেই সিনেমায় তাসনিয়া ফারিণের চরিত্রটি একজন চিত্রনায়িকার। তবে এ নিয়ে এখনই কিছুই বলতে চাইলেন না অভিনেত্রী।

শুধু এটুকুই তিনি বললেন, শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করার আমারও খুব ইচ্ছা ছিল। সে কারণে আমি খুব খুশি। একটা ভালো সিনেমা দিয়েই তা হচ্ছে। চুক্তি সই করার পর শাকিব ভাইকে ফোন করেছিলাম, তিনি অভিনন্দন জানিয়েছেন।’ ফারিণ বলেন, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘প্রিন্স’ সিনেমার শুটিং।

ফারিণ বলেন, ‘ফাতিমা' সিনেমা দিয়ে আমার বড়পর্দার জার্নি শুরু। মনে হচ্ছে, জার্নিটা ধাপে ধাপে দারুণ যাচ্ছে। 'ইনসাফ' সিনেমায় যা কিছু শিখেছি, সেসব অভিজ্ঞতা ‌প্রিন্স'–এ কাজে লাগবে। একই সঙ্গে যা যা দুর্বলতা ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করব। নাচটা আরেকটু ভালোভাবে রপ্ত করতে চাই। এর বাইরে পুরোটাই মানসিক প্রস্তুতি।

উল্লেখ্য, ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় অভিষেক হয় ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার মধ্যে দিয়ে। এরপর কাজ করেছেন কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ এবং গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাতে অভিনয় করেন।