img

ধর্মের কারণে অভিনয় ছাড়েন, এবার বিয়ের খবর দিলেন জায়রা

প্রকাশিত :  ১০:৩২, ১৮ অক্টোবর ২০২৫

ধর্মের কারণে অভিনয় ছাড়েন, এবার বিয়ের খবর দিলেন জায়রা

‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম অভিনয় ছাড়ার পাঁচ বছর পর বিয়ে করলেন। অভিনেত্রী বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সঙ্গে। সেই সিনেমায় আমিরকন্যার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে বড়পর্দায় অভিনয় শুরু করে নিজেকে পরিচিত করেন অভিনেত্রী। 

দুটি হিট সিনেমায় অভিনয় করে এবার বলিউডকে বিদায় জানালেন জায়রা ওয়াসিম। ১৮ বছর বয়সের মধ্যেই পরপর দুটি সিনেমায় অভিনয় করে অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া জায়রা সাফল্যের স্বাদ পেতে না পেতেই অভিনয়জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ধর্মে মন দিতে চান, এমন খবরই সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে দেখা যায়, কনের পরনে লাল রঙের বিয়ের পোশাক। বর বেছে নিয়েছিলেন ঘিয়ে রং। কিন্তু দুজনেই দাঁড়িয়ে রয়েছেন পেছন ফিরে। আরেকটি ছবিতে দেখা যায়, মেহেন্দি করা নববধূর হাত বিয়ের কাগজে সই করছেন।  ক্যাপশনে লিখেছেন— \'কবুল হ্যায়।\' জায়রা ওয়াসিমকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে কাকে বিয়ে করেছেন তা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। 

উল্লেখ্য, ‘দঙ্গল’ সিনেমায় একটি দৃশ্যে জায়রাকে কেশহীন অবস্থায় দেখা যায়। সেই দৃশ্যে অভিনয়ের কারণে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই দৃশ্যে অভিনয় করে নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে সিনেমাটি বক্স অফিসে আলোড়ন ফেলেছিল। ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন জায়রা। সেই সিনেমাতে আমিরের সঙ্গে অভিনয় করেন তিনি। ২০১৯ সালের মার্চ মাসে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার শুটিং শেষ করেন জায়রা। সেই বছর অক্টোবর মাসে মুক্তি পায় সিনেমাটি।

২০১৯ সালের ৩০ জুন সামাজিক মাধ্যমে পোস্ট করে জায়রা লিখেছিলেন, আমি নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চাই। তাই অভিনয়জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।




img

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে নিয়ে মাহিয়া মাহির বিস্ফোরক অভিযোগ

প্রকাশিত :  ১৮:১৫, ১১ জুলাই ২০২৬

বহুল আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনাটি নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ ভিডিওবার্তা প্রকাশ করে মাহি নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ এনেছেন।

ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই ডা. মুরাদ হাসানের দ্বারা ভুক্তভোগী বলে অভিযোগ মাহির।

এ চিত্রনায়িকা জানান, ডা. মুরাদ হাসান তাকে প্রতিনিয়ত বিরক্ত করতেন বলে তিনি প্রতিমন্ত্রীর নম্বর ব্লক করে রেখেছিলেন। ভাইরাল হওয়া অডিওতে ডা. মুরাদ নিজেই বলেছিলেন, ‘ও তো আমার ফোন ধরবে না।’ মাহি বলেন, তিনি সরাসরি ফোন ধরতেন না বলেই ডা. মুরাদ অন্য মানুষের ফোন ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন।

অডিওতে ডা. মুরাদ হাসান মাহিকে তুলে নেওয়ার জন্য র‍্যাব, পুলিশ, এনএসআই ও ডিজিএফআই পাঠানোর হুমকি দিয়েছিলেন।

মাহি প্রশ্ন তোলেন, যদি তাদের মধ্যে ভালো সম্পর্কই থাকত, তবে কেন তাকে এভাবে ভয় দেখানো হতো? মূলত ডা. মুরাদকে এড়িয়ে চলতেন বলেই তাকে দমাতে ক্ষমতার প্রভাব খাটানো হয়েছিল।

হুমকি পাওয়ার পর মাহি ইন্ডাস্ট্রির অনেক প্রভাবশালী ব্যক্তি এবং সহকর্মীদের কাছে সাহায্য চেয়েছিলেন। অনেকেই বিষয়টি জানতেন। কিন্তু ডা. মুরাদ মন্ত্রী হওয়ায় সবাই \"আমরা কী করব?\" বলে এড়িয়ে যান।

এমনকি কিছু সহকর্মী রাতে ফোন করে মাহিকে সতর্ক করতেন যেন রাত ১১টার পর তিনি ফোন না ধরেন, কারণ ওই সময়ে ডা. মুরাদ তাদের সামনেই থাকতেন।

মাহি বলেন, তিনি যদি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে পারতেন, তবে অবশ্যই বিষয়টি তাকে জানাতেন এবং বিশ্বাস করেন যে তিনি এর বিচার করতেন।

কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কোনো সুযোগ না থাকায় বাধ্য হয়ে পরিস্থিতি তাকে একাই ঠান্ডা মাথায় ও ভদ্রভাবে সামলাতে হয়েছিল।

অডিওতে ডা. মুরাদের গালিগালাজের বিপরীতে মাহির হেসে কথা বলা নিয়ে সমালোচনা হচ্ছে। এর জবাবে মাহি বলেন, \"আমি যদি তখন গালিগালাজ করতাম আর পরে আমার বড় কোনো ক্ষতি হয়ে যেত, সেই দায়িত্ব কে নিত?\"

সবশেষে মাহি দাবি করেন, ক্ষমতার অপব্যবহার করে ডা. মুরাদ শুধু তাকেই নয়, চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক নায়িকা, কণ্ঠশিল্পী এবং সংবাদ উপস্থাপিকাকে একইভাবে উত্যক্ত ও হেনস্তা করেছেন। ক্ষমতার ভয়ে তখন কেউ মুখ খুলতে পারেননি।

তিনি বলেন, ‘আমি শুনেছি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই—নিউজ প্রেজেন্টার, সিঙ্গারসহ অসংখ্য নারী তার (ডা. মুরাদ হাসান) বুলিংয়ের শিকার হয়েছেন। তাই বিষয়টা অনেকেই বুঝবেন না।’