img

অবশেষে মুক্তি পাচ্ছে পপির সিনেমা‘ডাইরেক্ট অ্যাটাক’

প্রকাশিত :  ০৯:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে মুক্তি পাচ্ছে পপির সিনেমা‘ডাইরেক্ট অ্যাটাক’

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ শেষ সিনেমাটি ২০২১ সালে সেন্সর থেকে ছাড়পত্র পায়। সেন্সর থেকে ছাড়পত্র পাওয়ার পরেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। 

সিনেমাটি মুক্তির বিষয়ে এবার সুখবর দিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পপি-আমিন খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। জানা যায়, প্রথমে এ সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। সেই নাম নিয়েই শুটিং শুরু করে পরিচালক। এরপর করোনার মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়।

লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’। 

এটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ, ‘কী যাদু করিলা, ‘গঙ্গাযাত্রা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পপি।

img

রিহানার বাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি, আটক এক নারী

প্রকাশিত :  ০৮:৩৯, ০৯ মার্চ ২০২৬

জনপ্রিয় মার্কিন পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় তিনি তার তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  আজ রোববার (৮ মার্চ) বিকেলে লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে অবস্থিত রিহানার বাসভবনের বাইরে এ ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, বাড়ির বিপরীত পাশের সড়ক থেকে একটি গাড়ি থেকে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় রিহানা ও তার সন্তানরা বাড়ির ভেতরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি সাদা রঙের টেসলা গাড়ি থেকে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়া হয়। তাদের দেওয়া তথ্য এবং আশপাশের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছ থেকেই এক সন্দেহভাজন তরুণীকে আটক করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ওই গাড়িটি জব্দ করা হয়েছে এবং আটক তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় রিহানা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি এই বিশ্বখ্যাত পপতারকা।

পুলিশ বলছে, গুলিবর্ষণের পেছনে কী উদ্দেশ্য ছিল তা জানতে আটক তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র : রয়টার্স