img

'উনি ভারতীয় কম, পাকিস্তানি বেশি!'

প্রকাশিত :  ১৯:৩২, ২৬ জুন ২০২৫

'উনি ভারতীয় কম, পাকিস্তানি বেশি!'

ভারতীয়-মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানি নিউইয়র্ক শহরের মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়লাভ করলেন । সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

এক্স-এ (আগের টুইটার) এক পোস্ট রি-শেয়ার করে কঙ্গনা দাবি করেন, অতীতে টাইমস স্কোয়ারে এক প্রতিবাদ মিছিলে জোহরান \"হিন্দুদের গালি দিয়েছিলেন\" এবং \"ভগবান রামকে উদ্দেশ করে অপমানজনক মন্তব্য\" করেছিলেন। কঙ্গনা আরও বলেন, “জোহারনের মা মীরা নায়ার একজন খ্যাতনামা পরিচালক, পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত। তিনি গুজরাটি বংশোদ্ভূত লেখক মেহমুদ মামদানিকে বিয়ে করেন। তাঁদের ছেলের নাম জোহরান রাখা হয়েছে, যা শুনতে অনেক বেশি পাকিস্তানি, ভারতীয় কম। তাঁর হিন্দু পরিচয় কোথায় গেল?” — এই প্রশ্নও তোলেন কঙ্গনা।

তিনি লেখেন, “এটাই যেন সব জায়গায় এক গল্প—হিন্দু পরিচয়কে ভুলে গিয়ে, এখন যেন হিন্দুধর্মকে মুছে ফেলার উদ্যোগ! তবে মীরা জিকে কয়েকবার দেখা হয়েছে, বাবা-মাকে অভিনন্দন।”

কে এই জোহরান মামদানি?

৩৩ বছর বয়সি জোহরান মামদানি নিউইয়র্কের অ্যাসেম্বলি মেম্বার হিসেবেই পরিচিত ছিলেন। এবার তিনি ডেমোক্র্যাটিক পার্টির তরফে মেয়র পদপ্রার্থী নির্বাচিত হলেন, প্রাথমিক ফলাফলে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো পরাজয় স্বীকার করে নিয়েছেন। ৮০ শতাংশের বেশি ভোট গণনা হওয়ার পর জোহারনের জয় প্রায় নিশ্চিত।

জোহারনের প্রচারের মূল প্রতিশ্রুতি ছিল—জীবনযাত্রার খরচ কমানো, ভাড়া স্থগিত রাখা, বিনামূল্যে বাস পরিষেবা, এবং সার্বজনীন চাইল্ড কেয়ার চালু করা। তিনি বলেন, এই সমস্ত কিছু বাস্তবায়িত হবে নিউইয়র্কের ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপ করে। জয়ের পর জোহরান বলেন, “নেলসন ম্যান্ডেলার কথা ধার করে বলছি—যেকোনও কিছুকেই অসম্ভব মনে হয়, যতক্ষণ না সেটা সম্পন্ন হয়। আজ আমরা সেটা করে দেখালাম।”এই জয়ের পরে বলিউড অভিনেতা বিজয় বর্মাও টুইট করে তাঁকে শুভেচ্ছা জানান।

img

কর্তন ছাড়াই সেন্সর সার্টিফিকেশন সনদ পেল ‘দম’

প্রকাশিত :  ১৫:৪৬, ১৬ মার্চ ২০২৬

জ্যৈষ্ঠ প্রতিবেদক সৈয়দ আমানউল্লাহ: ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘দম’ কোনো ধরনের কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে। Bangladesh Film Certification Board সিনেমাটিকে ‘ইউ’ (U) ক্যাটাগরিতে সনদ দিয়েছে, যার অর্থ—এটি সব বয়সী দর্শকের জন্য উপযোগী। ফলে ঈদের সিনেমাগুলোর মধ্যে ‘দম’ই প্রথম হিসেবে সেন্সর সার্টিফিকেশন সনদ পেল।

সিনেমাটি নির্মাণ করেছেন  রেদওয়ান রনি । দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় তার প্রত্যাবর্তন হওয়ায় শুরু থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর । শক্তিশালী এই জুটিকে কেন্দ্র করে  সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

কোনো দৃশ্য কর্তন ছাড়াই সেন্সর সনদ পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, “সিনেমাটি সব বয়সী দর্শকের দেখার উপযোগী হিসেবে ছাড়পত্র পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ‘দম’ সিনেমায় উঠে এসেছে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। পোস্টার ও টিজারে দর্শকের যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত। আশা করছি বড় পর্দায় সিনেমাটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি অনুপ্রেরণার গল্পও শোনাবে।”

ইতোমধ্যে সিনেমাটির অফিশিয়াল পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় রয়েছে ‘দম’। টিজারে অ্যাকশন, নাটকীয়তা এবং আবেগঘন গল্পের আভাস দর্শকদের মধ্যে সিনেমাটি দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শক্তিশালী গল্প, জনপ্রিয় অভিনেতাদের উপস্থিতি এবং নির্মাতার ভিন্নধর্মী নির্মাণশৈলীর কারণে ঈদের সিনেমার প্রতিযোগিতায় ‘দম’ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে। এখন দর্শকদের অপেক্ষা—ঈদের বড় পর্দায় সিনেমাটি কতটা সাড়া ফেলতে পারে।

সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন সাবিনা ইয়াসমীন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি নিজের গাওয়া কালজয়ী ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন। সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান, মো. সাইফুল্লাহ।