img

শীতে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু গুড়ের কেক

প্রকাশিত :  ০৬:২১, ২৬ ডিসেম্বর ২০২৫

শীতে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু গুড়ের কেক

শীতের মৌসুমে গুড় দিয়ে পিঠা-পুলি বানানোর ধুম লেগেই থাকে, তবে এবার একটু ভিন্ন ভাবনা-গুড়ের কেক বানিয়ে দেখুন। ড্রাই ফ্রুটস বা বাটার রিচ কেকের স্বাদ তো খেয়েছেন, এবার একটু ট্রাই করুন প্রাকৃতিক গুড়ের মিষ্টত্বে ভরা কেক।

আর শীতে বেশ কয়েক বছর ধরে বাজারে ট্রেন্ডিং চালু রয়েছে গুড় দিয়ে কেক তৈরি। এই কেকের মধ্যে অন্যতম হলো গুড়ের কেক, আর সামাজিক মাধ্যমেও এর খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়েছে। এবার বাড়িতেই সহজভাবে নরম ও সুস্বাদু গুড়ের কেক বানিয়ে সবাইকে মুগ্ধ করুন।

চলুন জেনে নেওয়া যাক, যেভাবে ঘরে বসেই তৈরি করবেন মজার কেক—

ময়দা ১ কাপ। ডিম ২টি। গুঁড়া দুধ ১ কাপ। নলেন গুড় ১ কাপ। কোকো পাউডার ২ টেবিল চামচ। বেকিং পাউডার আধা চা চামচ। বেকিং সোডা আধা চা চামচ। ভ্যানিলা এসেন্স ১ চা চামচ। মাখন আধা কাপ। এবং লবণ স্বাদমতো।

প্রথমত বেকিং সোডা, কোকো পাউডার, বেকিং পাউডার, লবণ, ময়দা, চিনি এবং গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে চালুনি দিয়ে ছেঁকে নিন। এরপর মাখন ও গুড় বিট করে তাতে ডিম ও ভ্যানিলা এসেন্স যোগ করে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করুন।

এবার স্লো বিটারে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা মিশ্রণটি ধীরে ধীরে মেশান। এরপর নলেন গুড় ও দুধ দিয়ে মিশ্রণটি মিহি করুন। এবার কেক প্যানে ফয়েল বিছিয়ে কেকের ব্যাটারটি ঢেলে দিন এবং চামচ দিয়ে হালকাভাবে নেড়ে নিন। ওপরে ড্রাই ফ্রুটস মিশিয়ে দিন। এবার ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২৫-৩০ মিনিট পর বের করুন। এরপর ঠান্ডা করে পরিবেশন করুন।


img

ফ্রিজে কোরবানির মাংস সংরক্ষণের সঠিক পদ্ধতি

প্রকাশিত :  ১৬:৫০, ১৭ মে ২০২৬

কোরবানির ঈদে মাংস সংরক্ষণ নিয়ে প্রায় সব পরিবারকেই বাড়তি প্রস্তুতি নিতে হয়। বিশেষ করে দীর্ঘ ছুটি, অতিথি আপ্যায়ন ও একসঙ্গে বেশি পরিমাণ মাংস সংরক্ষণের কারণে অনেক সময় ফ্রিজ ব্যবস্থাপনায় অনিয়ম দেখা দেয়। সঠিক নিয়ম না মানলে মাংসের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। তাই কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে হলে সংরক্ষণের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি।

ফ্রিজের খাবার আগেই গুছিয়ে রাখা

কোরবানির আগে ফ্রিজ পরিষ্কার করে নেওয়া ভালো। দীর্ঘদিন জমে থাকা পুরোনো বা অপ্রয়োজনীয় খাবার সরিয়ে ফেললে নতুন মাংস সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয়। একই সঙ্গে ফ্রিজের তাপমাত্রাও ঠিকভাবে বজায় থাকে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ভরে ফেললে ফ্রিজের ঠান্ডা বাতাস ঠিকভাবে চলাচল করতে পারে না, ফলে খাবার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে।

মাংস সংরক্ষণে করণীয়

কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে ভালোভাবে রক্ত ঝরিয়ে নিতে হবে। মাংস ধোয়ার পর অতিরিক্ত পানি থাকলে তা শুকিয়ে নেওয়া জরুরি। ভেজা অবস্থায় সংরক্ষণ করলে বরফ জমে মাংসের স্বাভাবিক স্বাদ ও গঠন নষ্ট হতে পারে। এরপর পরিষ্কার ও ঢাকনাযুক্ত পাত্র কিংবা ভালো মানের ফুড-গ্রেড পলিব্যাগে ভরে সংরক্ষণ করা উচিত। খোলা অবস্থায় মাংস রাখা একেবারেই নিরাপদ নয়।

ছোট ছোট ভাগে মাংস সংরক্ষণ

মাংস বড় আকারে না রেখে ছোট ছোট ‘ফ্যামিলি প্যাক’ আকারে ভাগ করে রাখলে ব্যবহার সহজ হয়। এতে প্রতিবার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ মাংস বের করা যায় এবং পুরো মাংস বারবার গলাতে হয় না। কারণ একবার গলানো মাংস পুনরায় ফ্রিজে রাখলে এর মান নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি বাড়ে।

কাঁচা ও রান্না খাবার আলাদা রাখা

ফ্রিজে কাঁচা মাংস কখনো রান্না করা খাবার, ফল বা সবজির পাশে রাখা উচিত নয়। কাঁচা মাংসের গন্ধ ও জীবাণু অন্য খাবারে ছড়িয়ে পড়তে পারে। এজন্য ফ্রিজে কাঁচা মাংসের জন্য আলাদা একটি নির্দিষ্ট অংশ রাখা ভালো। এতে খাবারের নিরাপত্তা বজায় থাকে।

বিদ্যুৎ গেলে ফ্রিজ বেশি না খোলা

বিদ্যুৎ চলে গেলে সেই অবস্থায় ফ্রিজ বারবার খোলা ঠিক নয়। ফ্রিজের দরজা বন্ধ থাকলে দীর্ঘ সময় ভেতরের ঠান্ডা তাপমাত্রা বজায় থাকে এবং খাবার নষ্ট হওয়ার ঝুঁকি কমে।

কতদিন পর্যন্ত ভালো থাকে মাংস 

সঠিকভাবে সংরক্ষণ করা হলে কোরবানির মাংস সাধারণত ফ্রিজারে প্রায় ছয় মাস পর্যন্ত ভালো থাকতে পারে। তবে দীর্ঘদিন রাখলে ধীরে ধীরে স্বাদ ও পুষ্টিগুণ কমতে শুরু করে। তাই প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে মাংস ব্যবহার করাই সবচেয়ে ভালো।