img

শীতে ঘর গরম রাখতে হিটার ব্যবহারে সেসব সতর্কতা মানতেই হবে

প্রকাশিত :  ০৬:৫০, ০২ জানুয়ারী ২০২৬

শীতে ঘর গরম রাখতে হিটার ব্যবহারে সেসব সতর্কতা মানতেই হবে

গত কয়েক দিনে শীতের তীব্রতা বেড়েছে। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভুগছেন বয়স্ক ও শিশুরা। ফলে হঠাৎ রুম হিটারের চাহিদা ও ব্যবহার বেড়েছে। তবে রুম হিটার ব্যবহারের আগে সতর্কতার বিষয়টিও মনে রাখা জরুরি। কারণ, ভুলভাবে ব্যবহার করলে রুম হিটার থেকেই ঘটতে পারে দুর্ঘটনা। নিরাপদে রুম হিটার ব্যবহার করতে নিচে ৭টি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টিপস।

১. রুম হিটার মেঝেতেই রাখুন

রুম হিটার সব সময় সমতল মেঝেতে রাখুন। কার্পেট, ম্যাট বা কাপড়ের ওপর রাখা ঠিক নয়। টেবিল, টুল বা কাঠের আসবাবের ওপর রাখলে হিটার পড়ে গিয়ে আগুন লাগার ঝুঁকি থাকে। যতটা সম্ভব স্থির ও নিরাপদ জায়গায় রাখাই ভালো।

২. পানি বা ভেজা জায়গা থেকে দূরে রাখুন

রুম হিটার ও পানি—এই দুইয়ের ‘দা–কুমড়া সম্পর্ক’। বাথরুম বা রান্নাঘরের মতো ভেজা জায়গায় কখনোই হিটার ব্যবহার করা ঠিক নয়। ভেজা কাপড় বা চাদর শুকানোর জন্য হিটারের ওপর দেওয়া খুব বিপজ্জনক। এতে আগুন ধরে যেতে পারে।

৩. দাহ্য বস্তু থেকে অন্তত তিন ফুট দূরে রাখুন

পর্দা, কাগজ, বালিশ, কম্বল, বিছানার চাদর, কাপড় কিংবা কাঠের আসবাব—এসব দাহ্য বস্তু থেকে হিটার অন্তত তিন ফুট দূরে রাখুন ।

হিটার ব্যবহারে ‘তিন ফুটের নিয়ম’ মনে রাখুন। হিটার দাহ্য বস্তু থেকে অন্তত তিন ফুট দূরে রাখুন। ম্যাচ, রং বা দাহ্য কোনো বস্তু যেন হিটারের আশপাশে না থাকে, সেটাও নিশ্চিত করুন।

৪.হিটার চালু রেখে ঘর ছেড়ে যাবেন না

রুম হিটার চালু রেখে ঘর ছেড়ে যাওয়া বা ঘুমিয়ে পড়া খুবই ঝুঁকিপূর্ণ । ঘরে শিশু বা পোষা প্রাণী থাকলে বাড়তি সতর্কতা দরকার। দীর্ঘ সময় বন্ধ ঘরে হিটার চালু থাকলে মাথাব্যথা, মাথা ঘোরা বা শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে।

৫. নিরাপত্তা ফিচার আছে কি না দেখুন

ভালো রুম হিটারে সাধারণত কিছু সেফটি ফিচার থাকে। যেমন উল্টে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত গরম হলে অটো শাট–অফ, ওভারহিট প্রটেকশন ইত্যাদি। কেনার সময় এসব সুবিধা আছে কি না, দেখে নেওয়া জরুরি।

৬. হিটার নিয়মিত পরীক্ষা করুন

হিটার ঠিকঠাক কাজ করছে কি না, তার বা প্লাগে কোনো সমস্যা আছে কি না—এসব নিয়মিত দেখে নিন। অস্বাভাবিক শব্দ, পোড়া গন্ধ বা অতিরিক্ত গরম লাগলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

৭. অনুমোদন ও সনদ যাচাই করে কিনুন

রুম হিটার কেনার সময় অবশ্যই দেখে নিন সেটি প্রয়োজনীয় নিরাপত্তা সনদপ্রাপ্ত কি না ও মান যাচাই করে, পরীক্ষিত পণ্য ব্যবহার করলেই ঝুঁকি অনেকটাই কমবে।

শীতে আরাম পেতে রুম হিটার দারুণ সহায়ক, তবে একটু অসতর্কতা বড় বিপদ ডেকে আনতে পারে। তাই হিটার ব্যবহার করুন বুঝে, নিরাপত্তা মেনে। তাতেই শীত থাকবে উষ্ণ, আর আপনি থাকবেন নিশ্চিন্ত।

img

এসি ঘরে থাকলে ত্বকের যত্ন নেবেন যেভাবে

প্রকাশিত :  ১১:৫০, ১২ এপ্রিল ২০২৬

ত্বকের জন্য এসির আরামদায়ক আবহাওয়া অজান্তেই  ডেকে আনতে পারে নানা সমস্যা।

গরমের তীব্রতা থেকে বাঁচতে এখন অনেকেই দীর্ঘ সময় কাটান এসি কক্ষে। বাইরে প্রখর রোদ হলেও ভেতরে থাকে ঠান্ডা ও স্বস্তিদায়ক পরিবেশ। তবে এই আরামদায়ক আবহাওয়াই অজান্তে ত্বকের জন্য ডেকে আনতে পারে নানা সমস্যা।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় এসি পরিবেশে থাকলে ত্বক দ্রুত শুষ্ক হয়ে পড়ে এবং সংবেদনশীলতাও বেড়ে যেতে পারে। কারণ এসি চলার ফলে বাতাসের আর্দ্রতা কমে যায়, এতে ত্বকের স্বাভাবিক ময়েশ্চার হারিয়ে যায়। ফলে ত্বক টানটান লাগে, রুক্ষ হয়ে ওঠে, এমনকি সূক্ষ্ম রেখাও স্পষ্ট হতে শুরু করে। তাই এসি ঘরে থাকলে নিয়মিত যত্নের পাশাপাশি কিছু বাড়তি সতর্কতা জরুরি।

ময়েশ্চারাইজারের ব্যবহার বাড়ান

এসি ত্বকের আর্দ্রতা শুষে নেয়, তাই দিনে কয়েকবার ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। জেল নয়, বরং ক্রিম-ভিত্তিক ময়েশ্চারাইজার বেশি কার্যকর হতে পারে।

হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার করুন

অনেক ফেসওয়াশ ত্বক আরও শুষ্ক করে তোলে। তাই এমন ক্লিনজার বেছে নিন, যা ত্বকের প্রাকৃতিক তেল পুরোপুরি সরিয়ে দেয় না।

পর্যাপ্ত পানি পান করুন

ত্বক ভালো রাখতে ভেতর থেকে আর্দ্রতা বজায় রাখা জরুরি। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।  

ফেস মিস্ট বা টোনার ব্যবহার

এসি ঘরে বসেও মাঝে মাঝে ফেস মিস্ট ব্যবহার করলে ত্বক সতেজ থাকে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

রাতের যত্নে গুরুত্ব দিন

ঘুমানোর আগে হাইড্রেটিং সিরাম বা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক নিজেকে পুনর্গঠনের সুযোগ পায়। পাশাপাশি হাত-পায়েও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। প্রয়োজনে এর ওপর হালকা বডি অয়েল বা পেট্রোলিয়াম জেলি লাগালে আরও ভালো ফল পাওয়া যায়।

সতর্কতা

এসি খুব কম তাপমাত্রায় দীর্ঘ সময় চালিয়ে রাখা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। আবার অতিরিক্ত গরম থেকে হঠাৎ ঠান্ডা পরিবেশে প্রবেশ করলেও ত্বকে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখাই ভালো।

সবশেষে মনে রাখবেন, পরিবেশভেদে ত্বকের যত্নের ধরন বদলাতে হয়। তাই এসির আরাম উপভোগ করলেও ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা যেন অক্ষুণ্ন থাকে, সে বিষয়ে সচেতন থাকুন।