শীতকালে নারীদের মূত্রনালির সংক্রমণ ঝুঁকি কেন বাড়ে
নারীদের মধ্যে মূত্রনালির সংক্রমণ বা ইউটিআই–এর ঝুঁকি শীতকালে বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে, ডিহাইড্রেশন, দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখার অভ্যাস এবং রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস এই সমস্যার মূল কারণ।
শীতে মূত্রনালির সংক্রমণ বাড়ার কারণ:
ডিহাইড্রেশন ও কম প্রস্রাব: শীতকালে ঠান্ডার কারণে তৃষ্ণা কম অনুভূত হয়। অনেকেই কম পানি পান করেন, যার ফলে প্রস্রাবের পরিমাণ কমে যায়। প্রস্রাবের মাধ্যমে মূত্রনালিতে থাকা জীবাণু বের হয়; কম প্রস্রাবে ব্যাকটেরিয়া দীর্ঘস্থায়ী হয় এবং সংক্রমণ ঘটে।
প্রস্রাব চেপে রাখা: ঠান্ডা বা নোংরা পাবলিক টয়লেট এড়াতে অনেকেই প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখেন। এতে উষ্ণ ও আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া সহজে বৃদ্ধি পায়।
ঠান্ডা ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস: শীতে রক্তনালি সংকুচিত হয়, মূত্রনালি অঞ্চলে রক্তপ্রবাহ কমে যায়। ফলে ওই অঞ্চলের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং সামান্য ব্যাকটেরিয়াও সংক্রমণ ঘটাতে পারে।
যৌন মিলন: শীতে ডিহাইড্রেশনের কারণে মিলনের পর প্রস্রাবের প্রয়োজন সময়মতো আসে না। ফলে ব্যাকটেরিয়া মূত্রনালি বা ইউরেথ্রায় প্রবেশ করে মূত্রনালির সংক্রমণ ঘটাতে পারে।
ভিটামিন ডি–এর ঘাটতি ও দুর্বল ইমিউন সিস্টেম: কম রোদে থাকা, শীতকালীন দুর্বল পুষ্টি, ফ্লু ও ঠান্ডা রোগ ইমিউন সিস্টেমকে দুর্বল করে, যা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থ করে।
হরমোন ও রজোনিবৃত্তি: রজোনিবৃত্তির সময় নারীর শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়, যা যোনি এবং মূত্রনালির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে। এই অবস্থায় শীতের অন্যান্য প্রভাবের সঙ্গে মিলিত হয়ে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
পোশাক ও পরিচ্ছন্নতা: টাইট জিন্স, থার্মাল, সিনথেটিক অন্তর্বাস বা একাধিক স্তরের পোশাক যৌনাঙ্গের চারপাশে তাপ ও আর্দ্রতা ধরে রাখে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়। শীতকালে অনেকেই নিয়মিত গোসল করেন না, ফলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ব্যাহত হয়।
সতর্কতার উপায়:
পর্যাপ্ত পানি পান করুন।
নিয়মিত হাঁটা বা ব্যায়াম করুন।
সুষম খাদ্য খান—সবজি, ফল, প্রোটিন ও পূর্ণশস্য।
পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন।
ধূমপান, অ্যালকোহল ও জাঙ্ক ফুড কমান।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং হাত ধোয়ার অভ্যাস করুন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।
শীতকালে এই অভ্যাসগুলো মেনে চললে নারীদের মধ্যে মূত্রনালির সংক্রমণ–এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।



















